দীপাবলির আগেই বাড়ি ফিরবেন শাহরুখ খান এবং গৌরী খানের বড় ছেলে। আর্থার রোড জেল থেকে তাঁকে ‘মন্নত’ এ ফেরার অনুমতি দিল আদালত। মঙ্গলবার এবং বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। তৃতীয় দিনে রায় শোনাল হাই কোর্ট।
গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। তার পর ৩ তারিখ তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মোট দুই বার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।
এর আগে মাদক মামলার তদন্তকারী আধিকারিক সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সইল তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তোলার পর বিতর্ক শুরু হয়।
এদিকে সমীরের বিরুদ্ধে তদন্তও শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি আর এক সাক্ষী কিরণ গোসাভিকে আটক করেছে পুলিশ। পুণে পুলিশের তরফে এ খবর নিশ্চিত করা হয়েছে। এই ব্যক্তিই এনসিবি দফতরে আরিয়ানের সঙ্গে সেলফি তুলেছিলেন।
তবে কি তদন্তকারী আধিকারিকের ভূমিকা ধোঁয়াশায় বলেই আরিয়ানকে জামিন দিল আদালত?
Comments
Post a Comment